ত্রিশাল উপজেলার মাগুরজোড়া এলাকায় পৈতৃক সূত্রে পাওয়া জমিতে ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ করেছেন মো. জামাল উদ্দিন নামে এক ব্যক্তি। নিজের জমিতে শান্তিপূর্ণভাবে ঘর নির্মাণ ও বসবাসের সুযোগ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
জামাল উদ্দিনের অভিযোগ, তার বাবা তাকে ও তার ভাইকে দলিলমূলে জমি দিয়ে গেছেন। ওই জমিতে টিনের চৌচালা ঘর নির্মাণের কাজ শুরু করলে নাজমুল, শামীম, সামাদ ও সওয়ারসহ কয়েকজন বাধা দেন। এতে নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, জমির প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে রয়েছে। একজন প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে নিজের জমিতে একটি ঘর নির্মাণ করে পরিবারের সঙ্গে বসবাস করতে চান তিনি। কিন্তু বারবার বাধার মুখে পড়ে ভোগান্তিতে রয়েছেন।
জামাল উদ্দিন আরও জানান, ঘর নির্মাণের জন্য আগে থেকেই ইট, বালু, টিনসহ বিভিন্ন নির্মাণসামগ্রী কিনে রাখা হয়েছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় এসব সামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তিনি। জমি নিয়ে বিরোধের ঘটনায় তিনি আদালতেরও দ্বারস্থ হয়েছেন বলে জানান।
এ বিষয়ে অভিযুক্ত নাজমুলের বক্তব্য জানতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
নিজের জমিতে শান্তিপূর্ণভাবে ঘর নির্মাণের সুযোগ এবং জমি-সংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন জামাল উদ্দিন।








